খাগড়াছড়িতে বিক্ষোভ, সহিংসতা ও হতাততের ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। তবে, এখন পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির ৫টি থানার নির্মাণকাজের উদ্বোধন শেষে খাগড়াছড়ি ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাহাড়ে অস্থিরতা সৃষ্টির পেছনে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে। এটা যেন ঘটতে না পারে, সেজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। একটা মহল চাচ্ছে, শারদীয় উৎসবটা যেন ভালোভাবে হতে না পারে। সেই মহলটাই খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সবাইকে সহযোগিতার করতে বলবো।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুম্ম ছাত্র জনতা অবরোধ শিথিলের ঘোষণা দিলেও এখনও থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি। জনমনে বিরাজ করছে আতঙ্ক। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই।
রোববার (২৮ সেপ্টেম্বর) গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হন। পাশাপাশি মেজরসহ ১৩ সেনাসদস্য, তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হন। এর আগে, ২৩ সেপ্টেম্বর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ জারি করে প্রশাসন। পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন আর্মড পুলিশ ও ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পার্বত্য এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।